
দ্য ওয়াল ব্যুরো: চলন্ত ট্রেনে ফের পাথর হামলা। ট্রেনের কামরা লক্ষ্য করে রেললাইনের ধার থেকে পাথর ছোড়ার ঘটনা এ রাজ্যে নতুন নয়। তবে গত কয়েকদিন উৎপাতে খানিকটা বেশিই বেড়েছে। এবার আক্রান্ত বছর ৩৩-এর শিল্পী মণ্ডল। হামলা হয়েছে শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেনে। পুলিশ সূত্রে খবর, শিল্পী গুমা এলাকার প্রমোদনগরের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় মধ্যমগ্রাম থেকে ট্রেনে ওঠেন তিনি।
শিল্পীর কথায়, শুক্রবার সন্ধ্যায় মধ্যমগ্রাম থেকে লেডিজ স্পেশ্যাল ট্রেনে ওঠেন তিনি। বারাসাতের পর জানলার ধারে বসার জায়গাও পেয়ে যান। ট্রেন বারাসাত ছেড়ে বামনগাছি ঢোকার মুখেই ঘটে দুর্ঘটনা। আচমকাই জানলা দিয়ে একটি পাথর এসে লাগে শিল্পীর পায়ে। এত জোরে পাথরটি লেগেছিল যে সঙ্গে সঙ্গেই পায়ে গভীর ক্ষত হয়ে শিল্পীর। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ট্রেনের যাত্রীরাই নিয়ে যান হাবড়া হাসপাতালে।
গোটা ঘটনায় স্বভাবতই আতঙ্কিত শিল্পী। বারবারই বলছেন, পাথরটি পায়ে না লেগে যদি মাথায় বা চোখে লাগত তাহলে বড় বিপদের আশঙ্কা ছিল। শিয়ালদহ-বনগাঁ শাখার নিত্যযাত্রীরা এর আগেও এই ধরনের ঘটনার অভিযোগ জানিয়েছেন। হামেশাই রেললাইনের ধার থেকে ট্রেনের কামরা লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে দাবি করেছেন এই লাইনের নিত্যযাত্রীদের একাংশ। কারও দাবি বিশেষ করে মহিলা কামরা, লেডিজ স্পেশ্যাল ট্রেনের ক্ষেত্রে এই ঘটনা বেশি হয়। তবে অন্যান্য ট্রেনও পাথরবাজদের নিশানায় থাকে।
অতীতে এমন পাথর ছোড়ার ঘটনায় চোখের ক্ষতি হয়েছে অনেক যাত্রীর। কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন আংশিক ভাবে। কারও বা মাথায় গুরুতর চোট লেগেছে। কদিন আগে পার্কসার্কাস স্টেশন ছাড়ার সময় ট্রেনের বাইরে থেকে মহিলা কামরা লক্ষ্য করে প্যাকেট ভর্তি প্রস্রাব ছোড়ার অভিযোগ করেছিলেন এক তরুণী। সেই ঘটনার রেশ কাটার আগে এবার লেডিজ স্পেশ্যাল ট্রেন লক্ষ্য করে ফের পাথর ছোড়ার ঘটনা ঘটল। আতঙ্কে রয়েছেন যাত্রীরা।
from TheWall https://ift.tt/2IIzPuw
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন