নিউজ ডেস্ক: “প্রায় এক বছর ধরে স্কুল বন্ধ রয়েছে। কোনও লেখাপড়া হচ্ছে না তারপরেও শিক্ষিক-শিক্ষিকাদের বেতনের টাকা দিতে হচ্ছে। ফলে এখন আর নতুন করে চাকরি দেওয়া সম্ভব নয়।” এমনই এক বক্তব্য শোনা গেল রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মুখে।
রবিবার রাতের দিকে শিক্ষামন্ত্রীর কথোপকথনের একটি অডিও ক্লিপ নিজের ফেসবুকের দেওয়ালে পোস্ট করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে এক টেট পাশ করা চাকরি প্রার্থীর কথোপকথন শোনা যায়। আর সেখানেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। যদিও ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি বিশ্ব বার্তা।
টেট পাস করা চাকরি পরীক্ষার্থী শিক্ষামন্ত্রীকে জানান যে সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে তাঁর(পার্থ চট্টোপাধ্যায়ের) বক্তব্য শুনে তিনি টেট পাস করার পর ডিএড করেছেন। সেই ভরসাতেই তিনি আছেন। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “আমার ভরসায় আপনি থাকবেন না। নিজের যোগ্যতার উপরে ভরসা করুন। আমি আপনাকে টেট পরীক্ষা দিতে বা প্রশিক্ষণ নিতে বলিনি। যে সংবাদ মাধ্যম (এবিপি আনন্দ) দেখিয়েছে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন।”
শিক্ষামন্ত্রী আরও বলেন, রাজ্যে কয়েক লক্ষ চাকরি প্রার্থী প্রশিক্ষণ নিয়ে বসে আছেন। সবাইকে কি চাকরি দেওয়া সম্ভব? এই মুহূর্তে নিয়োগ করা সম্ভব নয়। টেট পাশ করে থাকুন না কেন, এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষে চাকরি দেওয়া সম্ভব নয়। নিয়োগ করে সেই খরচ চালাতে পারবে না রাজ্য।
পশ্চিমবঙ্গে টেট পরীক্ষা নিয়ে নানান বিতর্ক হয়েছে। আবেদনপত্র বিলি থেকে শুরু করে পরীক্ষা নেওয়া- সবেতেই হয়েছে বিতর্ক। শিক্ষক নিয়োগে স্বজন পোষণ এবং দুর্নীতির বিস্তর অভিযোগ তো আছেই। এরই মধ্যে অডিও ক্লিপে দিশেহারা চাকরি প্রার্থীরা।
অডিও ফাঁস করে অনুপম হাজরা লিখেছেন, “পার্থ দা, মেজাজ হারাবেন না, জনগণ মেজাজ হারালে তখন পশ্চিমবঙ্গে টেকা দায় হয়ে যাবে! বেচারা প্রার্থী খুব কষ্ট করে পড়াশোনা করার পর, এত বছর অপেক্ষা করার পর, ট্রেনিং করার পর, আপনার কাছ থেকে জাস্ট কিছু জিনিস জানতে চেয়েছে, তৃণমূল সরকার টেট নিয়ে কতটা দুর্নীতি করেছে সবাই জানে বা বুঝতে পারে, তাই চাকরি না দিতে পারেন, অন্তত চাকরি-প্রার্থী টির সঙ্গে ভালো করে কথা বলুন।”
The post আমি টেট পরীক্ষা দিতে বা প্রশিক্ষণ নিতে বলিনি, আমার ভরসায় থাকবেন না, চাকরি দিতে পারব না; টেট পাশ করা চাকরি প্রার্থীকে পার্থ appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3oXb0z1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন