
দ্য ওয়াল ব্যুরো: করোনা আতঙ্কের জেরে পিছিয়ে গিয়েছে আইপিএল। জানিয়ে দেওয়া হয়েছে, ২৯ মার্চ নয়, বরং ১৫ এপ্রিল থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। এবার জানা গেল, টুর্নামেন্টে কাটছাঁটও হতে পারে। একথা জানালেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই।
শনিবার বিসিসিআইয়ের সঙ্গে আইপিএল গভর্নিং বডির বৈঠক ছিল। সেখানেই আইপিএলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদমাধ্যমের সামনে সৌরভ বলেন, “আইপিএল ইতিমধ্যেই পিছিয়ে গিয়েছে। কিন্তু ১৫ এপ্রিল সেটা শুরু হবে কিনা, সে ব্যাপারে এখনও আমরা নিশ্চিত নই। কিন্তু যদি আইপিএল হয় তাহলে টুর্নামেন্ট অনেক ছোট হয়ে যাবে।”
এই কথার ব্যাখ্যাও দেন বিসিসিআই প্রেসিডেন্ট। তিনি বলেন, “১৫ এপ্রিল আইপিএল শুরু হওয়ার মানে ইতিমধ্যেই ১৫ দিন দেরি হয়ে গিয়েছে। শুরুতে দেরি করলেও আমরা শেষটা পেছোতে পারব না। কারণ পুরো বছরের একটা শিডিউল করা আছে। মানে ওই সময়ের মধ্যেই আমাদের টুর্নামেন্ট শেষ করতে হবে। আর সেটা করতে হলে টুর্নামেন্ট ছোট করতে হবে। অর্থাৎ আইপিএল হলেও পুরো টুর্নামেন্ট হবে না।”
আইপিএল ছোট করলে প্রতিটা দল কটা করে ম্যাচ খেলবে, কিংবা কী কী বদল হবে এই বিষয়ে অবশ্য কিছু বলেননি দাদা। তিনি বলেন, এই ব্যাপারগুলো ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বসে গভর্নিং বডি ঠিক করবে। সেখানে বোর্ডের প্রতিনিধিরাও থাকবে। ইতিমধ্যেই কিছু বিকল্প সূচির কথা ভাবা হয়েছে। কিন্তু সেটা তখনই হবে যদি ১৫ এপ্রিল সত্যিই আইপিএল শুরু করা যায়।
করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে আইপিএল হবে কিনা তা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন উঠেছিল। বিদেশি ক্রিকেটারদের ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। মহারাষ্ট্র সরকার জানিয়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি করা হবে না। দিল্লি সরকারও জানিয়ে দেয় সেখানে আইপিএলের কোনও ম্যাচ হবে না। অনেক জায়গা থেকে এই টুর্নামেন্ট বন্ধ করে দেওয়ার কথা বলা হয়। কিন্তু বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়, আপাতত কিছুটা পিছিয়ে দেওয়া হল আইপিএল। তারপর পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিন বৈঠকের পরে সৌরভের কথায় কিন্তু ফের একবার প্রশ্নচিহ্ন উঠে গেল আইপিএলের ভবিষ্যতের উপর। সত্যিই এই টুর্নামেন্ট হবে তো? আর হলেও কতটা ছোট হবে টুর্নামেন্ট? উত্তর মিলতে অপেক্ষা করতে হবে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত।
from TheWall https://ift.tt/2We7uEd
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন