
দ্য ওয়াল ব্যুরো : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম পড়ছে হু হু করে। এই অবস্থায় শনিবার পেট্রল ও ডিজেলের প্রতি লিটারে তিন টাকা করে শুল্ক বাড়াল সরকার। সাধারণত শুল্ক বাড়লে পেট্রল, ডিজেলের দামও বাড়ে। কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় এখন পেট্রল-ডিজেলের দাম বাড়বে না বলেই আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে গত সপ্তাহ থেকে। ওপেক গোষ্ঠীভুক্ত দেশগুলি রাশিয়াকে প্রস্তাব দেয়, তেল উৎপাদন দৈনিক ১৫ লক্ষ ব্যারেল কমানো হোক। রাশিয়া সেই অনুরোধ মানেনি। তখন তাদের সঙ্গে পাল্লা দিয়ে তেলের দাম কমাতে থাকে সৌদি আরব। সৌদি আরবের তেল কোম্পানি আরামকো জানায়, তারা ব্যারেল পিছু তেলের দাম কমিয়ে দেবে ছয় ডলার। এর ফলে রবিবার রাতে অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের দাম ৩২ শতাংশ কমে দাঁড়ায় ২৮ ডলার। আশঙ্কা করা হচ্ছে, তেলের দাম প্রতি ব্যারেল ২০ ডলার পর্যন্ত নামতে পারে।
১৯৯১ সালে প্রথমবার উপসাগরীয় যুদ্ধ শুরু হওয়ার পরে আর কখনও তেলের দাম এত কমেনি। এর ফলে ইরাক ও নাইজেরিয়ার মতো যে দেশগুলির অর্থনীতি তেলের ওপরে নির্ভরশীল, তারা বিপদে পড়তে পারে। আন্তর্জাতিক রাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে এর ফলে। সৌদি আরবের মতো তেল উৎপাদনকারী দেশগুলির গুরুত্ব কমতে পারে। তেল এত সস্তা হওয়ায় আগামী দিনে বিকল্প এনার্জির বদলে পেট্রোল, ডিজেল ব্যবহারের প্রবণতা বাড়বে। ফলে পরিবেশ বাঁচানোর লড়াইও ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে।
এমনিতে বিশ্ব জুড়ে করোনাভাইরাস সংক্রমণের ফলে তেলের চাহিদা কমেছে। তার ওপরে তেলের দাম স্থিতিশীল রাখার যে ব্যবস্থা ছিল, তাও কার্যত ভেঙে পড়েছে।
এই পরিস্থিতিতে কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এখন নির্বাচিত সরকার ফেলতে ব্যস্ত। তাই হয়তো আপনার চোখ এড়িয়ে গিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে ৩৫ শতাংশ। আপনি কি এই লাভটুকু সাধারণ ভারতীয়দের সঙ্গে ভাগ করে নেবেন? তাহলে এক লিটার পেট্রলের দাম ৬০ টাকার নীচে নামবে। অর্থনীতি চাঙ্গা হবে।
from TheWall https://ift.tt/2U2nLti
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন